বহু বছর পর নানাবাড়ির জেলা ফেনীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের পাশাপাশি নানাবাড়ির এলাকার জন্যও কাজ করতে হবে। তিনি জানান, এর আগে ১৯৮৪ ও ১৯৯১ সালে ফেনীতে এসেছিলেন।
বৃহস্পতিবার ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ (প্রথম পর্যায়) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নদী ও খাল খনন কর্মসূচিও উদ্বোধন করা হয়।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নদী খননের কাজ শুরু করা হয়েছে। প্রকল্পটির আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন করা হবে।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।