ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলায় ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধুলে-সোলাপুর মহাসড়কের গরতাড় বাড়ি এলাকার একটি নির্জন পাহাড়ি স্থান থেকে তার আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ প্রায় ১১ ঘণ্টার সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে একটি সন্দেহভাজন গাড়ি শনাক্ত করে। তদন্তে জানা যায়, নিহত পিংকি হনুমন্ত কটকাকে একটি সাংস্কৃতিক কেন্দ্রের অভ্যন্তরীণ বিরোধের জেরে মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে অভিযুক্তরা তাকে মৃত মনে করে মরদেহ গুমের পরিকল্পনা করে বলে পুলিশ জানিয়েছে।
পরে গাড়িতে করে মরদেহটি প্রায় ২৭৫ কিলোমিটার দূরে ধুলে নিয়ে যাওয়া হয়। সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশের দাবি।
এ ঘটনায় চারজন গ্রেফতার হলেও আরও দুই অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।