সামাজিক মাধ্যমে বিলাসিতার প্রদর্শন, কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে কোটি রুপির চুরি

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীর এক কনটেন্ট ক্রিয়েটরের সামাজিক মাধ্যমে স্বর্ণ-হিরের গয়না ও নগদ অর্থ প্রদর্শনের ভিডিও এবার তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে। নাগরেকয়েলে তার বাড়িতে চুরি করে প্রায় ১ কোটি রুপি মূল্যের সম্পদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মধুস্মিতা নামের ওই ইনফ্লুয়েন্সারের সামাজিক মাধ্যমে সাড়ে চার লাখের বেশি অনুসারী রয়েছে। তিনি নিয়মিত নিজের বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিও পোস্ট করতেন। এমনকি শিশুদের ওপর টাকা ছিটানোর ভিডিওও প্রকাশ করেছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পরিবারের সবাই কেনাকাটায় বাইরে গেলে চোরেরা ভিআইপি গার্ডেনের বাড়িতে ঢুকে লকার খুলে ফেলে। পরে পরিবার ফিরে এসে চুরির বিষয়টি জানতে পারে। চুরি হওয়া সম্পদের মধ্যে প্রায় ১২০ ভরি স্বর্ণ ও হিরের গয়না এবং ৫০ হাজার রুপি নগদ রয়েছে।

পুলিশ এখন তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও রিলস বিশ্লেষণ করছে। চোরেরা এসব ভিডিও থেকে তার চলাফেরা বা অবস্থান সম্পর্কে তথ্য পেয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় সন্দেহভাজনদের ধরতে পাঁচটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Translate