ট্রাম্প-শি বৈঠকের পর যুক্তরাষ্ট্র-চীনের ৩০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্চপর্যায়ের বৈঠকের পর প্রায় ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

চুক্তির আওতায় চীন কৃষিপণ্য, সামুদ্রিক খাবার, কাঠজাত পণ্য, প্রসাধনী ও চিকিৎসা সরঞ্জামের মতো কিছু পণ্যে শুল্ক কমাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ছোট গৃহস্থালি সরঞ্জাম, খেলনা, উৎসবের সাজসজ্জা ও শিশুদের কার সিটে শুল্ক কমাবে।

এ ছাড়া ২০২৭ ও ২০২৮ সালে প্রতি বছর ১ কোটি মেট্রিক টন করে মার্কিন কয়লা আমদানি করবে চীন। বাণিজ্যযুদ্ধের পর চীনের মার্কিন কয়লা আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

তবে বিরল ও গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিয়ে দুই দেশের উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি। এ বিষয়ে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশ কাজ চালিয়ে যাবে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

সূত্র: অ্যাক্সিওস

Translate