বুধবার ৬ই মে, ২০২৬

ডিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের মাদক ‘আইস’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অভিযান চালিয়ে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার হওয়া ১৭৫ গ্রাম আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রবাসে অবস্থানরত এক মাদক চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় ঘটনাটি নতুন মাত্রা যোগ করেছে।

সিএমপির ডিবি (উত্তর) বিভাগের অভিযানে গতকাল সোমবার (৪ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ফিনলে স্কয়ারের ৭ম তলায় ‘ক্রিয়েটর্স হাব’-এ দুই ব্যক্তির কাছ থেকে ক্রিস্টাল আইস পাওয়া যায়। এসময় অভিযান চালাকালে সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও মো. আবু ফয়সাল (২৬)।

এরমধ্যে মো. সাজ্জাদুল রহমান সাকিব ফটিকছড়ির ৫নং ওয়ার্ডের পরান চৌধুরীর বাড়ীর মো. সেলিম এর ছেলে। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শীতলঝর্ণা আবাসিক এলাকার তৌহিদ ম্যানশন বসবাস করতেন। অন্যদিকে, মো. আবু ফয়সাল ফটিকছড়ি থানাধীন ৬নং ওয়ার্ডের সমতুল ফকিরের বাড়ীর মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানাধীন আমানবাজার এলাকার শরীফ টাওয়ারে থাকতেন।আটক ব্যক্তিদের হেফাজত থেকে একটি বায়ুরোধক পলিপ্যাকের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক হিসেবে এর বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, ফটিকছড়ি এলাকার এক প্রবাসী (ওমানে অবস্থানরত) মাদক কারবারির নেতৃত্বাধীন চক্রের মাধ্যমে এই মাদক নগরীতে এনে বিক্রির পরিকল্পনা ছিল। এতে বোঝা যায়, প্রবাসভিত্তিক একটি নেটওয়ার্কও এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে।

পুলিশ বলছে, ক্রিস্টাল আইস বা মেথামফেটামিন বর্তমানে দেশে দ্রুত বিস্তার লাভ করা একটি উচ্চমূল্যের ও অত্যন্ত ক্ষতিকর মাদক, যা মূলত তরুণদের টার্গেট করে বাজারজাত করা হয়। চট্টগ্রামের মতো বন্দরনগরীতে এই মাদকের বিস্তার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। আন্তর্জাতিক রুট ব্যবহার করে এ ধরনের মাদক প্রবেশের ঝুঁকি থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Translate