মঙ্গলবার ৫ই মে, ২০২৬

চট্টগ্রামে অস্ত্রসহ ২২ মামলার আসামি ডিপজল গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে ২২ মামলার আসামি সাত্তার শাহ প্রকাশ ডিপজলকে (৪৬) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সাত্তার শাহা প্রকাশ ডিপজল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুন পাড়ার মৃত ফরিদ শাহার এর ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সোমবার রাতে নগরীর বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সাত্তার শাহকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ তার বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে।

কোতোয়ালী, চান্দগাঁও, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, বাকলিয়া, হাটহাজারী ও পটিয়া থানায় ডাকাতি, ছিনতাই, হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Translate