সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

গাজায় হামাস-ফাতার বিরল বৈঠক

গাজা উপত্যকায় বিরল বৈঠক করেছে ফিলিস্তিনি দুই প্রধান স্বাধীনতাকামী সংগঠন হামাস ও  ফাতাহ। মূল ইস্যুগুলোতে সমঝোতায় পৌঁছাতে সাম্প্রতিক সময়ে তারা একাধিক দফা আলোচনা করেছে বলে জানিয়েছে মিশরের দৈনিক আল-শোরুক।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকগুলোতে হামাসের অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে একটি কাঠামো তৈরির বিষয় এবং গাজা শাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার প্রশ্নে আলোচনা হয়েছে।

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংগঠনটি রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে এবং গাজায় শাসন-সংক্রান্ত সব ক্ষমতা তাদের কাছে হস্তান্তরের বিষয়েও প্রস্তুতি দেখিয়েছে।

অন্যদিকে ফাতাহর এক কর্মকর্তা বলেন, এবারের আলোচনার পরিবেশ আগের তুলনায় অনেক বেশি ইতিবাচক ছিল। তিনি উল্লেখ করেন, গাজার ভেতরে মাঠপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটাই ছিল প্রথম দফার আলোচনা।

২০০৭ সালে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে হামাস গাজা থেকে ফাতাহকে উৎখাত করে ক্ষমতা নেয়। এরপর থেকে ফিলিস্তিনি রাজনীতিতে বিভাজন বজায় রয়েছে, তবে সাম্প্রতিক এই বৈঠকগুলোকে দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Translate