দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে বাংলাদেশে আসছে পাকিস্তান। ঢাকা ও সিলেটে দুই টেস্ট ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দলটির অধিনায়ক থাকছেন শান মাসুদই। তবে প্রধান কোচ হয়েছেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
নতুন কোচের সঙ্গে পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন চার নতুন খেলোয়াড়— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি।
স্কোয়াডে থাকা বেশির ভাগ ক্রিকেটারই খেলছেন পিএসএলে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজের আগে করাচিতে একটি বিশেষ ক্যাম্প শুরু হবে ২৭ এপ্রিল। আগামী ১ মে পর্যন্ত ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল।
৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।
এছাড়া বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচ আসাদ শফিক ও বোলিং কোচ থাকছেন উমর গুল।
পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।