রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

গাজার মতো লেবাননেও ‘হলুদ সীমারেখা’ টানলো ইসরায়েল

গাজার আদলে এবার দক্ষিণ লেবাননেও একটি হলুদ সীমারেখা নির্ধারণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে নিজেদের অধিকৃত অঞ্চলকে পৃথক করতে যে ধরনের সীমানা ব্যবহার করা হয়, লেবাননের ক্ষেত্রেও একই কৌশল নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এই হলুদ সীমারেখা অতিক্রম করে তাদের সেনাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর ইতোমধ্যে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো লেবাননে এমন কোনও সীমারেখার কথা উল্লেখ করল তেল আবিব।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে হলুদ সীমারেখার দক্ষিণে অবস্থানরত বাহিনী উত্তর দিক থেকে আসা কিছু ব্যক্তিকে শনাক্ত করে। তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে সেনাদের দিকে অগ্রসর হচ্ছিল যা তাৎক্ষণিক হুমকি তৈরি করে।

ইসরায়েল জানিয়েছে, শনাক্ত করার পরপরই হুমকি দূর করতে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় ওই যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে, যুদ্ধবিরতি বলবৎ থাকা সত্ত্বেও যেকোনও ধরনের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

কি এই হলুদ সীমারেখা?

গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিন ভূখণ্ড হলুদরেখার মাধ্যমে দুই ভাগে বিভক্ত করা হয়। এটি মূলত একটি দে-ফ্যাক্টো সীমানা, যা গাজাকে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা এবং হামাস নিয়ন্ত্রিত এলাকা, এই দুই এলাকায় ভাগ করেছে। এখন একই মডেল লেবানন সীমান্তেও প্রয়োগ করছে ইসরায়েল।

Translate