যুক্তরাজ্যের সামাজিক ও পারিবারিক কাঠামোতে এক গভীর পরিবর্তন দেখা যাচ্ছে। একসময় প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজস্ব বাসায় থাকার যে ঐতিহ্য ছিল, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তা এখন লাখো তরুণের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-এর সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালে ২০ থেকে ৩৪ বছর বয়সী প্রায় ২৩ লাখ পুরুষ এখনো বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন, যা ২০২৪ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। অর্থাৎ এই বয়সসীমার প্রায় ৩৫ শতাংশ তরুণ এখনও স্বাধীনভাবে বাসা নিতে পারেননি। নারীদের ক্ষেত্রে এই সংখ্যা প্রায় ১৪ লাখ বা ২২ শতাংশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান আরও স্পষ্ট হচ্ছে—৩৪ বছর বয়সী একজন পুরুষের বাবা-মায়ের সঙ্গে থাকার সম্ভাবনা একজন নারীর তুলনায় প্রায় চার গুণ বেশি।
জাতীয় গড় অনুযায়ী, ২০ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ২৯ শতাংশ এখনও পরিবারের সঙ্গে থাকছেন। তবে দক্ষিণ এশীয়, বিশেষ করে ব্রিটিশ-বাংলাদেশি ও পাকিস্তানি তরুণদের ক্ষেত্রে এই হার আরও বেশি। অনুমান অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশের বেশি তরুণ তাদের ২০-এর শেষ ভাগ পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে থাকছেন। পারিবারিক বন্ধনের শক্ত অবস্থান, ঘনবসতিপূর্ণ শহরে জীবনযাত্রার ব্যয় এবং উচ্চ ভাড়া—সব মিলিয়ে এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শিক্ষা ও কর্মসংস্থানের প্রভাব
বিশেষজ্ঞরা বলছেন, নারীদের তুলনামূলক দ্রুত স্বাবলম্বী হওয়ার পেছনে উচ্চশিক্ষায় এগিয়ে থাকা একটি বড় কারণ। অন্যদিকে যারা শিক্ষা বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নন, তাদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। বর্তমানে প্রায় ৫ লাখ ১০ হাজার তরুণ এই শ্রেণিতে পড়ছেন। আর্থিক স্বনির্ভরতার অভাবই অনেককে পরিবারনির্ভর করে রেখেছে।
একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বলেন, “লন্ডনের মতো শহরে ভাড়া এখন তরুণদের আয়ের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত নিয়ে যায়। ব্যক্তিগত ভাড়ার বাজার তাদের জন্য অত্যন্ত প্রতিকূল।”
দীর্ঘমেয়াদী প্রভাব
বিশ্লেষকরা সতর্ক করছেন, এই প্রবণতার প্রভাব কেবল আবাসন সংকটে সীমাবদ্ধ নয়। এটি ভবিষ্যতে জন্মহারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একজন গবেষক বলেন, “বাবা-মায়ের সঙ্গে একই ছাদের নিচে থাকা অবস্থায় নতুন সম্পর্ক তৈরি বা পরিবার গঠনের পরিকল্পনা মানসিকভাবে কঠিন হয়ে পড়ে।”
অপরদিকে, সম্পদের বৈষম্যও পরিস্থিতিকে জটিল করছে। পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে ৬০ বছরের বেশি বয়সীরা দেশের অর্ধেক সম্পদের মালিক, আর তরুণ প্রজন্ম উচ্চ ভাড়ার চাপে শৈশবের ঘরেই আটকে আছে—মাসে গড়ে প্রায় ১,৩৭৪ পাউন্ড ভাড়া ব্যয়ের বাস্তবতায়।
বিশেষজ্ঞদের মতে, আবাসন বাজারে সংস্কার, ভাড়া নিয়ন্ত্রণ এবং তরুণদের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত না হলে এই সংকট আরও গভীর হবে।