সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

প্রকাশ্যে নারী দিবসের বিশেষ গানচিত্র

প্রকাশ্যে এলো নারী দিবসের বিশেষ গানচিত্র ‘নারী যায় বাড়ি’। শহীদ মাহমুদ জঙ্গীর কথায়, পিলু খানের সুরে গানটি গেয়েছেন এ প্রজন্মের ৩ কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। কথা, সুর, কণ্ঠের পাশাপাশি বিশেষ আকর্ষণ এর অ্যানিমেশন ভিডিও। যা তৈরি করেছেন যৌথভাবে মীর হিশাম ও সারাফ চিশতী।

৮ মার্চ বিকালে গানচিত্রটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।

গানচিত্রটি প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনও বাবার ঘর, কখনও স্বামীর ঘর, কখনও পুত্রের ঘর। তার নিজের ঘর কি সে কখনও খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান এটি।’

সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সাথে গত চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সেখানে আরেকটি বিষয় যুক্ত হলো। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

কোনাল জানান, ‘জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সাথে কাজ করতে পারা আমার সংগীত জীবনে অর্জন।’

প্রযোজক জয় শাহরিয়ার জানান, ‘নারী যায় বাড়ি’ গানটি ইউটিউব ছাড়াও সারাবিশ্বের সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

Translate