রাশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত সকল আরোহী।
রাশিয়ার আমুর অঞ্চলে ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনায় বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বিমানটি চীন সীমান্তঘেঁষা টিন্ডা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের পর হঠাৎ করে এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আমুর অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটির মূল অংশে আগুন ধরে যায়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনভ-২৪ মডেলের এই বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। যদিও রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে ৪০ জনের মতো আরোহী ছিলেন বলে তাদের ধারণা।
রুশ আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ এক টেলিগ্রাম বার্তায় জানান, ব্লাগোভেশচেনস্ক শহর থেকে উড্ডয়নের পর বিমানটি হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি। অনুসন্ধানে থাকা বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।