৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ইসরায়েল জানতো, তবু ‘ঘটতে দিয়েছিল’: হান্টার বাইডেন

ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরিকল্পনা আগে থেকেই জানত, কিন্তু তা ঠেকাতে কোনও পদক্ষেপ নেয়নি এমন দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তিনি জানান, গাজায় এমন একটি যুদ্ধ চালানোর সুযোগ তৈরির জন্যই হামাসের হামলা ঠেকানো হয়নি, যা অন্যথায় ইসরায়েল কখনও করতে পারত না। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

এলবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল এবং তিনি এ বিষয়ে ‘একেবারেই কোনো পদক্ষেপ নেননি’। এ সময় তিনি হারেৎজ-এর একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছিল যে গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের উদ্দেশ্য সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের নেতা ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। অবশ্য নেতানিয়াহু এই প্রতিবেদন অস্বীকার করেছেন এবং দৈনিকটির বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।

হান্টার বাইডেন আরও বলেন, ইসরায়েল ‘কী আসছে তা জানত’ এবং তারা এটি ঘটতে দিয়েছে যাতে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, যার জন্য কেউ কখনও তাদের সবুজ সংকেত দিত না। একই সাথে তিনি হামাসকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেন। গাজায় চলমান যুদ্ধকে ‘খুব ভারী’ শব্দ হিসেবে উল্লেখ করে তিনি এটিকে ‘গণহত্যার সমতুল্য’ বলে চরিত্রায়িত করেছেন।

অন্যদিকে, ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তারা ‘বেসামরিক লোকজনের প্রাণহানি কমানোর চেষ্টা করে’। ইসরায়েল জোর দিয়ে বলেছে যে হামাস গাজার বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে এবং বাড়ি, হাসপাতাল, স্কুল ও মসজিদসহ বিভিন্ন বেসামরিক এলাকা থেকে লড়াই চালায়। এর আগে সাম্প্রতিক বিভিন্ন পডকাস্টেও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন হান্টার বাইডেন।

ইসরায়েল যে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করার জন্য হামাসকে এই হত্যাকাণ্ড চালানোর সুযোগ করে দিয়েছে এমন অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন ইসরায়েলবিরোধী কর্মী ও ভাষ্যকার। তবে হামাসের হামলার প্রস্তুতিমূলক অনেক লক্ষণ ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক নেতৃত্ব উপেক্ষা করেছিল মর্মে বিভিন্ন প্রতিবেদন থাকলেও, এর পেছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র থাকার সুনির্দিষ্ট কোনও প্রমাণ নেই।

Translate