অক্টোবরেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ এবার চট্টগ্রাম ছাড়িয়ে সরাসরি পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই নতুন সময়সূচিতে কক্সবাজার রুটে ট্রেনটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর এক্সপ্রেস চালু হলে ঢাকা-কক্সবাজার সরাসরি রুটে আন্তনগর ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩ জোড়া (৬টি)। আর চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ২ জোড়া ট্রেন হিসাব করলে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার করিডোরে মোট ৫ জোড়া (১০টি) আন্তনগর ট্রেন চলাচল করবে।

৭২১ ও ৭২২ নম্বর ‘মহানগর এক্সপ্রেস’-এর প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে ভোর ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ১২ থেকে ১৪টি কোচ সংবলিত এই ট্রেনে প্রতি ট্রিপে ৭০০ করে দিনে প্রায় ১,৫০০ যাত্রী যাতায়াত করতে পারবেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা শফিকুর রহমান নতুন রুট সম্প্রসারণের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় কোচ ও সময়সূচি বিন্যাসের কাজ চলছে এবং অক্টোবরের শুরুতে এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস জানান, কক্সবাজার রুটে নিরাপদ ও আরামদায়ক যাত্রার অতিরিক্ত চাহিদার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Translate