হত্যা মামলার আসামি হয়ে কারাগারে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক মরতুজা পলাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, হত্যা মামলায় গ্রেফতারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশিরভাগ অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এখনও কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি।
আগামী অক্টোবরে সেগুলোর দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারছেন না তিনি।
কামরুজ্জামান রোমান বলেন, ‘নেপালে ‘শিকার’ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনও চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনও উপায় নেই।’
নেপালে অপু বিশ্বাস ও পলাশ ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরেন তারা। সেদিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেফতার করা হয়। তবে তার গ্রেফতারের বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।