৫২ দিনের জন্য নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সরকারের অনুমতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনে প্রায় ৫২ দিনের জন্য নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ৩০ আগস্ট বা কাছাকাছি সময়ে ঢাকা ছাড়বেন এবং আগামী ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। এ সময় তিনি আনুষ্ঠানিক ছুটিতে থাকবেন না; জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের অংশ হিসেবেই নিউইয়র্কে অবস্থান করবেন।
৮ সেপ্টেম্বর ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে তিনি ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন।
প্রায় চার দশক পর বাংলাদেশ আবার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেল। এর আগে ১৯৮৬ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন।
এদিকে ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নেবেন। ২২ সেপ্টেম্বর থেকে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে এবং ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।