রবিবার ১৯শে জুলাই, ২০২৬

শ্যামপুরে ইয়াবাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতাররা হলো তামান্না আক্তার (২৭) ও ফরিদা বেগম (৫৩)।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত দেড়টার দিকে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে তামান্নাকে গ্রেফতার করা হয়। একই দিন সকাল সোয়া ৯টার দিকে ধোলাইপাড় মোড়ের একটি দোকানের সামনে থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে শ্যামপুর থানার একটি টিম তথ্য পায়, ধোলাইপাড় এলাকার একটি বাসার সামনে এক নারী মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি তামান্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে এক হাজার ৫৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য চার লাখ ৬৬ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে সকালে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড়ের এক দোকানের সামনে থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার দুই নারী মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধার করা এসব ইয়াবা বিক্রির উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Translate