হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
এর মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, পরিবহন, বাছাই এবং বেল্টে পৌঁছানোর দৃশ্য সরাসরি দেখতে পারবেন যাত্রীরা। এ উদ্যোগে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং চুরি বা ক্ষয়ক্ষতির ঘটনা কমবে বলে আশা করছে বেবিচক।
লাগেজ হারানো, চুরি ও ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা প্রতিরোধে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটি সিসিটিভির আওতা বাড়ানো, কর্মীদের শরীরে ক্যামেরা ব্যবহার, ফুটেজ সংরক্ষণ এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছিল।