মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে হাইসি মঙ্গোলিয়ান ও তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলের দাচাইদান ভূমিকম্প কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ০৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা সব কয়লা খনির শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উপদ্রুত এলাকায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানায়, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে, যার স্থানাঙ্ক ৩৭.৮০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৫৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গড় উচ্চতা প্রায় ৪,৩০২ মিটার। শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই চীন ভূমিকম্প প্রশাসন মঙ্গলবার রাতে দ্রুত তিন নম্বর স্তরের (লেভেল-থ্রি) জরুরি প্রতিক্রিয়া প্রটোকল চালু করেছে।ভূমিকম্প প্রশাসনের প্রধান ওয়াং কুন জরুরি উদ্ধার ও ত্রাণকাজের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র এবং ছিংহাই প্রাদেশিক ভূমিকম্প সংস্থার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

ওয়াং কুন সংশ্লিষ্ট সকল বিভাগকে ভূমিকম্পের পরবর্তী কম্পন (আফটারশক) পর্যবেক্ষণ, ট্র্যাকিং এবং বিশ্লেষণ জোরদার করার তাগিদ দিয়েছেন, যেন যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিংহাই প্রাদেশিক ভূমিকম্প সংস্থার একটি বিশেষ মাঠ পর্যায়ের দল ইতোমধ্যে দুর্গত এলাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনকে জরুরি উদ্ধারকাজে সহায়তা প্রদান করছে।

সূত্র: চায়না ডেইলী।

Translate