মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬

চট্টগ্রামের আলোচিত শিশু আয়াতের নৃশংস হত্যা মামলার রায় আগামীকাল

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত। আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে। সাড়ে তিন বছর আগে খুন হয় শিশু আয়াত। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার খণ্ডিত মরদেহ সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়।

ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালতে মামলাটির বিচার চলছে। গত ২৩ মে (শনিবার) যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ১৭ জুন দিন ঠিক করেছেন। রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আলিনা ইসলাম আয়াত ২০২২ সালের ১৫ নভেম্বর নিখোঁজ হয়। এ ঘটনায় ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পরিবারের আবেদনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, আয়াতকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন তাদের বাসার ভাড়াটে মো. আবির। ২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেন।

বাদী ও আয়াতের বাবা সোহেল রানা বলেন, ‘আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই। আমার আর কোন দাবি নেই , শুধু চাই আমার মেয়ের মতো আর কোন বাবর বুক খালি না হোক।

Translate