রমজান মাসকে সামনে রেখে আবারও বিশেষ পদক্ষেপ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ। পবিত্র এ মাসে মুসলিম খেলোয়াড়দের ইফতার করার সুযোগ দিতে ম্যাচ চলাকালে অল্প সময়ের জন্য খেলা থামানো হবে।
চলতি সপ্তাহ থেকে শুরু হওয়া রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে এ সময় সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হয়। ফলে শনিবার বিকেল সাড়ে পাঁচটা এবং রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচগুলোতে প্রয়োজন হলে সাময়িক বিরতি দেওয়া হতে পারে।
আগের বছরের ধারাবাহিকতায়, দলীয় অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা মুসলিম খেলোয়াড় বা সংশ্লিষ্টদের রোজা ভাঙার সুযোগ করে দেবেন। তবে এই বিরতিকে টিম ড্রিংকস ব্রেক বা কৌশলগত টাইম-আউট হিসেবে ব্যবহার করা যাবে না। খেলার গতি অক্ষুণ্ণ রেখে সুবিধাজনক মুহূর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য খেলা থামানো হবে।
২০২১ সালে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে আনুষ্ঠানিকভাবে এ ধরনের বিরতির অনুমতি দেওয়া হয়। ওই বছরের এপ্রিলে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস-এর ম্যাচে বিরতির সময় লেস্টারের উইসলি ফোফানা এবং প্যালেসের চেখাউ কুয়াতে ইফতার করেন।
বর্তমানে প্রিমিয়ার লিগে একাধিক মুসলিম তারকা খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহামেদ সালাহ, উইলিয়াম সালিবা, রায়ান নৌরি ও আমাদ দিয়ালো।