ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ ছয় বছর ধরে দৃষ্টিশক্তিহীন এক অসহায় বালকের চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে এসেছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অ্যাশেজ’। সম্প্রতি রাজধানীর একটি বস্তিতে বসবাসকারী ওই অসুস্থ বালকের খোঁজ পেয়ে তার পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ নেন ব্যান্ডের প্রধান ভোকাল জুনায়েদ ইভান।
ব্যান্ড সূত্রে জানা গেছে, ছেলেটি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছে এবং উন্নত চিকিৎসার অভাবে গত ছয় বছর ধরে সে সম্পূর্ণ অন্ধ। জুনায়েদ ইভান নিজেই ছেলেটির বস্তির বাসায় গিয়ে তার ও তার পরিবারের সাথে দেখা করে আসেন এবং খোঁজখবর নেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “এটি আমাদের নিয়মিত সামাজিক কার্যক্রমেরই একটি অংশ। আমরা প্রায় সময়ই সুযোগ বুঝে এই ধরনের কাজগুলো করতে পছন্দ করি। সেই তাড়না থেকেই এবার এই অবুঝ শিশুটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, শিশুটির উন্নত চিকিৎসার জন্য তার পরিবারকে দ্রুত চিকিৎসকদের সাথে কথা বলতে বলা হয়েছে। পাশাপাশি ‘অ্যাশেজ’ ব্যান্ডের একটি প্রতিনিধি দলও সরাসরি সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে যোগাযোগ রক্ষা করছে।
চিকিৎসার বিশাল খরচ মেটাতে ব্যান্ডের পক্ষ থেকে বড় ধরনের ফান্ড রাইজিং বা তহবিল সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। ইভান বলেন, “ছেলেটির চিকিৎসার জন্য আমরা একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করব। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় কনসার্ট আয়োজন করার পরিকল্পনাও আমাদের রয়েছে। এছাড়া বিভিন্ন চ্যারিটি ইভেন্ট গ্রুপগুলোর সাথেও আমরা যোগাযোগ করছি, যাতে সবাই মিলে ছেলেটিকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারি।”
নিজেদের এই সেবামূলক কাজের স্বচ্ছতা নিয়ে ইভান স্পষ্ট করে বলেন, “আমরা কোনো চ্যারিটি বা সাহায্যমূলক কার্যক্রমে কখনোই আমাদের নিজেদের বা আমাদের পরিচিত কারো ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশ নম্বর ব্যবহার করি না। আমরা মূলত যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করি।
আমরা ঘটনাটি মানুষের সামনে তুলে ধরি এবং সরাসরি ভেরিফাইড উপায়ে রোগীর পরিবার বা রোগীর নিজস্ব অ্যাকাউন্ট নম্বরটিই প্রোভাইড করি। কোনো টাকা আমরা নিজেদের হাতে রিসিভ করি না। প্রথম থেকেই আমরা এই ধারাবাহিকতা বজায় রেখেছি, যাতে কারো মনে কোনো ধরনের নেতিবাচক চিন্তা বা সন্দেহের সুযোগ না থাকে।”
এর আগেও গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া এক যুবকের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৭ লাখ টাকা প্রায় সংগ্রহ করে দিয়েছে জুনায়েদ ইভান ও তার দল, যার চিকিৎসা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে।
ব্রেন টিউমারে আক্রান্ত এই অন্ধ বালকের ক্ষেত্রেও আগামী ৩-৪ দিনের মধ্যে চিকিৎসার পরবর্তী সমস্ত আপডেট ও বিস্তারিত পরিকল্পনা সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই শিল্পী।