রবিবার ১৯শে জুলাই, ২০২৬

বিসিবির অ্যাডহক কমিটিতে জায়গা পেলেন যারা

গত অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম হয়েছে দাবি করে বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আগামী ৩ মাসের মধ্যে নতুন করে বিসিবি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই নির্বাচন পর্যন্ত বোর্ড পরিচালিত হবে আহ্বায়ক কমিটির মাধ্যমে। সেই আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১১ জন সদস্য।

কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালকে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ছিলেন তামিম। সর্বশেষ বিসিবি নির্বাচনে প্রার্থীতা করতে চাইলেও শেষ পর্যন্ত অনিয়মের অভিযোগে সরে দাঁড়ান। অনিয়ম প্রমাণিত হওয়ার পর এনএসসি বোর্ড ভেঙে দেওয়ার পর সেই তামিমকেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বোর্ড প্রধান করা হলো।

কমিটিতে আছেন- জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান।

অ্যাডহক কমিটিতে আছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম।

কমিটিতে আছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আরও আছেন কক্সবাজার-১ আসনের সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহীম আহমেদ। অর্থমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু।

অ্যাডহক কমিটিতে আছেন ইস্পাহানী লিমিটেডের শীর্ষ কর্মকর্তা মির্জা সালমান ইস্পাহানি। ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু। আছেন বিসিবির প্রয়াত সাবেক পরিচালক ও বিপিএল গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার ছেলে বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা। অ্যাডহক কিমিটিতে আছেন ক্লাব ক্রিকেটের সফল দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্ণধার ও বিসিবির সাবেক পরিচালক তানজিল চৌধুরী।

Translate