বিশ্বকাপের শিরোপা জয়ের রাতেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখেছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ড গড়েছে লা রোহারা।
এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। সেই সময়ে ইউরো ২০২০-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপাও জিতেছিল আজ্জুরিরা। বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল স্পেন। আর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে এককভাবে রেকর্ডটির মালিক হয়ে গেছে তারা।
শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে সাতটি ক্লিন শিট রেখে নতুন নজিরও গড়েছে স্পেন। বিশ্বকাপের পুরো আসরে মাত্র একটি গোল হজম করে শিরোপা জেতা প্রথম দল এখন লা রোহারা।
স্পেনের জন্য দীর্ঘ অপরাজিত থাকার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ৩৫ ম্যাচ হারেনি তারা। সেই সময়ই জিতেছিল ইউরো ২০০৮-এর শিরোপা।
বর্তমান অপরাজিত এই যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হারের পর। এরপর আর কোনো ম্যাচে ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ে হারেনি স্পেন। যদিও নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরেছিল তারা। তবে আনুষ্ঠানিক পরিসংখ্যানে টাইব্রেকারের হারকে ড্র হিসেবে গণ্য করা হয়। তাই অপরাজিত থাকার ধারাবাহিকতায় সেটির প্রভাব পড়েনি।
এই ৩৮ ম্যাচের অপরাজিত যাত্রায় রয়েছে স্পেনের ইউরো ২০২৪ জয়ের অভিযান এবং সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ জয়ের গৌরবময় অধ্যায়।