আগামী শুক্রবার শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শিক্ষার্থীদের বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কনিষ্ঠ ক্রিকেটপ্রেমীরা মাঠের স্ট্যান্ড ও গ্যালারি থেকে খেলা উপভোগ করার এই বিশেষ সুযোগটা পাবেন।
এক্ষেত্রে বিনামূল্যে খেলা দেখতে হলে নিজ নিজ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরেই আসতে হবে। থাকতে হবে বৈধ স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রও।
এই সুবিধা ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
৮ মে দুই টেস্টের প্রথমটি শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তার পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে।