প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের সফরে তিনি মূলত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের কর্মসূচিতেই অংশ নেবেন।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে।
সফরকালে জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও রয়েছে।
এবারের সফরে ছোট প্রতিনিধি দল থাকছে এবং আগের পরিকল্পনায় থাকা সানফ্রান্সিসকো সফর বাদ দেওয়া হয়েছে। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।