দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, “ঘটনা সম্পর্কিত আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।” তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে সব তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি। সিআইডির ক্রাইম সিন টিমের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশ জানায়, সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। পরে থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। ওই সময় গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।