নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে দুটি ডিঙি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান (৩০), আবদুল মতলব (২৫), গুরা মিয়া (২৭), মো. হাসান (৩১), শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী (২৯), নুরুল আবছার (২৬) ও আবদুর রহিম (৩২)।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ফেরার পথে তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, আমরা খুবই গরিব। আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। তারা না ফিরলে আমাদের পরিবার অনাহারে থাকবে।

নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, আমার নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। অপর ১টি নৌকায় ৩ জন ছিল। তাদেরকেও ধরে নিয়ে গেছে। তারা সবাই দরিদ্র জেলে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Translate