জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে। বিএনপি সব সময় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে।
তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু এই মাতৃভূমি বাংলাদেশটা আমাদের সকলের। এতোদিন দেশে ভোট হতো বিএনপি-জামায়াতের সাথে আওয়ামী লীগের। নাটোরে এবার ব্যতিক্রম ভোট হয়েছে। নাটোরের আওয়ামী লীগ ভোট দিয়েছে জামায়াতে ইসলামীকে আর হিন্দু সংখ্যালঘুরা ভোট দিয়েছে বিএনপিকে। তাই বিএনপির উপরে আরও বাড়তি দায়িত্ব হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালী মন্দিরে তিনদিন ব্যাপী হরিবাসরের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দুলু আরও বলেন, তারেক রহমান হচ্ছে বাংলাদেশের ব্যতিক্রমী নেতা। তিনি গত তিন মাসে যে সকল পদক্ষেপ নিয়েছেন আর কেউ নেয়নি। স্বাধীনতার পর বাংলাদেশের অনেক সরকার এসেছে অনেক সরকার গেছে কিন্তু একমাত্র তারেক রহমানের সরকার মাত্র তিনমাসে বাংলাদেশের অনেক পরিবর্তন করে দিয়েছেন। তিনি মসজিদের ইমামের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্যও বেতন ভাতার ব্যবস্থা করে দিয়েছেন।