রবিবার ১৯শে জুলাই, ২০২৬

দিনের পঞ্চম বলে লিটনের বিদায়, ইনিংস হারের খুব কাছে বাংলাদেশ

৯৬ রান, চতুর্থ দিন সকালে বাংলাদেশের ‘আপাতত’ লক্ষ্যটা তাই ছিল। এই রানটা তুলতে পারলেই ইনিংস ব্যবধানে হারের লজ্জাটা এড়ানো যাবে। তবে অবস্থাদৃষ্টে সেটাকে কঠিন বলেই মনে হচ্ছে বৈকি! শেষ স্বীকৃত ব্যাটার লিটন দাস যে আউট হয়েছেন দিনের দ্বিতীয় ওভারেই!

কলম্বো টেস্টের আরও দুই দিন বাকি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের হারটাকেই মনে হচ্ছে অবশ্যম্ভাবী নিয়তি। তবে শ্রীলংকাকে দ্বিতীয় বার ব্যাট করতে নামানোই বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য এখন।

সেটা করতে হলে লিটন দাসকে বড় কিছু করতে হতো। তবে তা আর তিনি করতে পারলেন কই? আউট হলেন দিনের পঞ্চম বলেই।

তবে যে বলে আউট হয়েছেন লিটন, তাতে তার করার ছিল সামান্যই। ফুলার লেন্থের বলটা সামনে ঝুঁকে ডিফেন্ড করতে চেয়েছিলেন লিটন। তবে বলটা সেখানে পড়ে দারুণ বাঁক নিয়ে বেরিয়ে গেল অফ স্টাম্প ঘেঁষে।

আর সেটাই সর্বনাশটা করে দিল বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের। তার ব্যাটের কানা ছুঁয়ে বলটা চলে গেল উইকেটের পেছনে। উইকেটরক্ষক কুশল মেন্ডিস বলটা গ্লাভসবন্দি করতে ভুল করেননি একটুও।

এর ফলে লিটনের ইনিংস শেষ হলো ১৪ রানেই। বাংলাদেশের ৭ ব্যাটারই আউট হলেন দুই অঙ্ক ছুঁয়ে।

Translate