উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পর তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। মোবাইল ফোনে দেয়া সাক্ষাৎকারে দ্বীপ দাবি করেন, ঘটনার রাতে তাহসিফের মোটরসাইকেল মেরামত শেষে তারা এক সঙ্গে রাতের খাবার খান এবং রাত ১২টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আলাদা হয়ে যান। এরপর থেকেই তাহসিফের ফোন বন্ধ পাচ্ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে তাকে অভিযুক্ত করা হলেও দ্বীপ জানান, তাদের সম্পর্কের মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না এবং পরিবারের উদ্বেগের কারণে তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। পুরো বিষয়টি নিয়ে অন্যান্যদের মতোই তিনিও গভীর রহস্যের মধ্যে রয়েছেন বলে দাবি করেন।