কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ বসানোর সময় ভূগর্ভ থেকে অনবরত গ্যাস বের হয়ে লাগা আগুন টানা চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমার পাশাপাশি মাটির নিচে বিস্ফোরণের শব্দ ও ভূমিধসের ঝুঁকি তৈরি হওয়ায় জননিরাপত্তায় ঘটনাস্থলের ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকি এড়াতে পুরো এলাকা কাঁটাতারের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে ফেলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করা হয়েছে। মাটির মাত্র ৮০০ ফুট গভীরতা থেকে ব্যতিক্রমীভাবে গ্যাস বের হওয়ার কারণ অনুসন্ধান ও গ্যাসের প্রকৃতি নির্ণয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল।