শুক্রবার ১২ই জুন, ২০২৬

টেকনাফে ইয়াবাসহ দুই কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতর হলো- হায়েংখালী নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২), দলিয়া পাড়ার আবদুল হামিদের ছেলে এনামুল হাসান(৩৩)। এরা উভয়েই মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানাধীন ভুসিডং জেলার অধিবাসী।

র‌্যাব-১৫ এর সহকারি পচিালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কতিপয় মাদক কারবারি চক্রের সদস্যরা মাদকের একটি বিশাল চালানসহ গোপনে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন এলাকায় নিয়ে আসছে। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে চৌকস আভিযানিক দলটি সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডল পাড়ার মোঃ কবির হোসেনের জমিতে ইয়াবা কারবারীদের ইয়াবাসহ দেশে প্রবেশকালে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করাকালে র‌্যাব সদস্যগণ আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত দুই জন মিয়ানমারের নাগরিক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে পাঁচ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
আরো ৪/৫ জন অজ্ঞাত ইয়াবা কারবারী দৌঁড়ে পালিয়ে যায়, তাদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে আসে।
গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আ ম ফারুক আরও জানান, পার্শ্বর্বর্তী দেশের কতিপয় সংঘবদ্ধ চক্র মাদকের এই বড় চালান টেকনাফ ও উখিয়া সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে পার করে এনে স্থানীয় সিন্ডিকেটের কাছে হস্তান্তরের পরিকল্পনা করে। পরবর্তীতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। এই মাদক বিভিন্ন মাধ্যম হয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে।

Translate