জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, সংস্কার বা জোড়াতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না। দেশ ও জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে সারা দেশে সংগঠন গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মুক্তি কাউন্সিলের দুই দিনব্যাপী প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল হাকিম সংগঠনের সাবেক সভাপতি বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, শ্রমিক শ্রেণির রাজনৈতিক সংগ্রাম বিকশিত করার একমাত্র পথ সংগঠন গড়ে তোলা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে তিনি জনগণের হাতে ক্ষমতা আনার সংগ্রাম জোরদারে সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
উদ্বোধন ঘোষণা শেষে একটি র্যালি বিএমএ ভবন মিলনায়তনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেয়।
অধিবেশনে ফয়জুল হাকিম, সজীব রায় ও ভুলন ভৌমিককে নিয়ে ৩ জনের সভাপতিমণ্ডলী গঠন করা হয়। ফয়জুল হাকিমের সভাপতিত্বে অধিবেশনে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা সজীব রায়, ভুলন ভৌমিক, মজিবর রহমান, কাজী ইকবাল, মিনহাজ আহমেদ, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের আলবার্ট সরেন, ছোটন তনচঙ্গা, বাংলাদেশের সাম্যবাদী দলের সেক্রেটারি আব্দুল হাকিম, বাঙলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক শফী রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।
অধিবেশনে ড. আকমল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর আব্বাস।