ছাত্রদল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এ কর্মসূচি শুরু হবে।
সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
এছাড়া, জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করা শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন। তারা সংগঠনের সকল নেতাকর্মীসহ সাধারণ ছাত্রসমাজকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।