শনিবার ১৮ই জুলাই, ২০২৬

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূলে শুক্রবার (১৭ জুলাই) ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, মেক্সিকো ও গুয়াতেমালার নিকটবর্তী উপকূলজুড়ে জোয়ারের স্বাভাবিক স্তরের চেয়ে ০.৩ থেকে ১ মিটার (১-৩ ফুট) উচ্চতার ঝুঁকিপূর্ণ সুনামি তরঙ্গ সৃষ্টি হতে পারে।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের গভর্নর সালোমন জারা ক্রুজ জানিয়েছেন, ভূমিকম্পটি ‘মাঝারি তীব্রতায়’ অনুভূত হয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই কম্পনে গুয়াতেমালা এবং এল সালভাদরের ভবনগুলোও কেঁপে ওঠে এবং গুয়াতেমালা সিটির মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, মেক্সিকোর মাছ ধরার শহর পুয়ের্তো মাদেরোর কাছে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫.২ কিলোমিটার (৯ মাইল) গভীরে।

সুনামি সতর্কীকরণ ব্যবস্থা আরও জানিয়েছে, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, নিকারাগুয়া, পানামা, পেরু এবং হন্ডুরাসের উপকূলে জোয়ারের স্বাভাবিক স্তরের চেয়ে ০.৩ মিটারের কম উচ্চতার তরঙ্গ হতে পারে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার সরকারি সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে স্থানীয় জনগণকে জাতীয় ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

Translate