রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

শেখ হাসিনার নতুন অডিও বার্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়েছে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এ অডিও বার্তাটি পোস্ট করা হয়। কয়েক সেকেন্ডের এ অডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তবে বার্তাটি কোথায় এবং কখন রেকর্ড করা হয়েছে, সে বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, “আমি আর রেহেনা মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। ২১ আগস্টের গ্রেনেড হামলা, কোটালীপাড়ার বোমা হামলা কিংবা ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা—সবখানেই আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি। আমার বিশ্বাস, এসব থেকে বেঁচে যাওয়া আল্লাহর রহমত। হয়তো আল্লাহ আমাকে আরও কিছু কাজ করাতে চান বলেই এখনও বেঁচে আছি। যদিও ঘরহারা, দেশছাড়া এই অবস্থায় থাকা আমার জন্য অত্যন্ত কষ্টকর।”

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি এবং শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে বিগত পাঁচ মাসে তার একাধিক কল রেকর্ড ফাঁস হয়েছে। এসব অডিওতে বিভিন্ন সময় তার দেশে ফিরে আসার ইঙ্গিতসহ নানা মন্তব্য পাওয়া গেলেও গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরাসরি কোনো উপস্থিতি দেখা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সাত মাসের মধ্যেই তীব্র জনরোষের কারণে গত বছরের ৫ আগস্ট তিনি পদত্যাগ করতে বাধ্য হন। সেদিনই তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

Translate