ভারতের তরুণ শতকোটিপতিদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত নাম অরবিন্দ শ্রীনিবাস। তিনি পারপ্লেক্সিটি এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি প্রকাশিত এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫–এ তিনি ভারতের সর্বকনিষ্ঠ শতকোটিপতি হিসেবে স্থান পেয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২১ হাজার ১৯০ কোটি রুপি বা প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার।
অরবিন্দ শ্রীনিবাসের জন্ম ১৯৯৪ সালের ৭ জুন, ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে। ছোটবেলা থেকেই তাঁর বিজ্ঞান ও গণিতের প্রতি প্রবল আগ্রহ ছিল। আইআইটি মাদ্রাজে পড়াশোনার সময়ই তিনি রিইনফোর্সমেন্ট লার্নিং ও অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিং কোর্স পড়াতেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র ছিল কম্পিউটার ভিশনে কনট্রাস্টিভ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, এবং ট্রান্সফরমারভিত্তিক মডেল ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি ও চিহ্নিতকরণ।
শিক্ষাজীবন শেষে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করার সুযোগ পান। ওপেনএআইয়ে রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে গবেষণা করে তাঁর পেশাগত জীবন শুরু হয়। এরপর লন্ডনে ডিপমাইন্ডে যোগ দিয়ে কনট্রাস্টিভ লার্নিংয়ের ওপর কাজ করেন। পরে গুগলে কাজ করেন এবং হ্যালোনেট ও রেজনেট-আরএসসহ বিভিন্ন ভিশন মডেল তৈরি করেন। কিছুদিন পর তিনি আবার ওপেনএআইয়ে ফিরে যান এবং গবেষণা বিজ্ঞানী হিসেবে ডাল-ই-২ মডেলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এরপর তিনি ডেনিস ইয়্যারাটস ও অ্যান্ডি কনউইনস্কির সঙ্গে মিলে পারপ্লেক্সিটি এআই প্রতিষ্ঠা করেন। এটি নতুন প্রজন্মের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ চ্যাটবট, যা গুগলের মতো শুধুমাত্র লিঙ্ক দেয় না, বরং ব্যবহারকারীর প্রশ্ন বুঝে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সহজ ভাষায় উত্তর দেয়। পারপ্লেক্সিটি এআইয়ের বৈশিষ্ট্য হলো, এটি প্রতিটি উত্তরের উৎস উল্লেখ করে দেয়, যাতে ব্যবহারকারীরা চাইলে তথ্য যাচাই করতে পারেন। এই প্রযুক্তির মাধ্যমে শ্রীনিবাস মূলত চ্যাটজিপিটি ও গুগল সার্চের অভিজ্ঞতাকে একত্রিত করেছেন।
গবেষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা দ্রুত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করতে পারপ্লেক্সিটি এআই ব্যবহার করেন। এ কারণেই এটি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি অরবিন্দ শ্রীনিবাস আরও আলোচনায় আসেন, যখন তিনি গুগলের ক্রোম ব্রাউজার কিনতে ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৪৫০ কোটি ডলার প্রস্তাব দেন।
‘চেন্নাই বয়’ নামে পরিচিত অরবিন্দ শ্রীনিবাস আজ ভারতের প্রযুক্তি জগতের এক অনুপ্রেরণার প্রতীক। বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ, সৃজনশীল চিন্তা ও কঠোর পরিশ্রমের সমন্বয়ে তিনি প্রমাণ করেছেন—নতুন প্রজন্মের উদ্ভাবনই ভবিষ্যতের পৃথিবীর দিকনির্দেশক শক্তি।