বুধবার ৩রা জুন, ২০২৬

চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নোটিশের সিদ্ধান্তের প্রতিবাদে ছয় দফা দাবি উত্থাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এসব দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের আলটিমেটামও দিয়েছে।

বুধবার (৩ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্তসমূহ ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।

পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং এ আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।

সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

এছাড়া বিসিএস ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া ও অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

অন্যথায় চিকিৎসক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সতর্ক করা হয়।

Translate