শনিবার ২৩শে মে, ২০২৬

চবিতে শিশুর প্রতীকী মরদেহ হাতে ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামে মারা যাওয়া শিশুর প্রতীকী মরদেহ হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

ছাত্রলীগের এই নেতার নাম ওয়াহিদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।

এ সময় তার হাতে থাকা এক প্ল্যাকার্ডে লেখা ছিল– ‘হামে আমার শিশুর প্রাণ ঝরে, ইউনূস কেন ভিভিআইপি সার্ভিস চড়ে? তারেক তুই জবাব দে’। নিচে ‘প্রতিবাদে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ লেখা দেখা যায়।

ওয়াহিদুল আলম জানান, আমাদের শিশু হামের টিকার অভাবে মরে, ইউনূস ভিভিআইপি প্রোটোকল নিয়ে ঘুরে। এই হত্যার দায়ে অতি দ্রুত ইউনূসের গ্রেপ্তার চাই।

ওয়াহিদুল আরও জানান, আমাদের নেত্রী শেখ হাসিনা টিকার বাজেট করে যাওয়া পরেও কেন টিকার অভাব হবে?

নিষিদ্ধ সংগঠনের নেতার কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন জানান, আমাদেরকে এ বিষয়ে আগে জানানো হয়নি, বিষয়টি আপনার কাছ থেকেই জানতে পারলাম। নিরাপত্তাকর্মীরা সামান্য সময়ের জন্য অন্যত্র গেলে সেই সুযোগে হয়তো তারা এসব কর্মকাণ্ড ঘটায়। আমরা প্রক্টোরিয়াল বডি বিষয়টি নিয়ে আরও আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Translate