ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় পাহাড়ধসে সুমাইয়া আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) টানা ভারী বর্ষণের মধ্যে নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের স্টেশনসংলগ্ন মুক্তিযোদ্ধা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল সালেহীন বলেন, কলোনিতে পাহাড়ের পাদদেশে ছয়টি ঘর ছিল। তার মধ্যে ৩ ও ৪ নম্বর ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে এবং ৩ নম্বর ঘরে সুমাইয়ার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার। তিনি বলেন, দুপুরে নগরীর চশমা হিল এলাকায় দেয়াল ধসে সুমাইয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।