ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ গাজার দক্ষিণের রাফাহ শহরের মিশর সীমান্তবর্তী এলাকায় লক্ষাধিক ফিলিস্তিনিকে একটি অবরুদ্ধ অঞ্চলে নতুন শহর প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো সমালোচনা করেছে। এই পদক্ষেপকে অনেকেই আধুনিক বন্দিশিবিরের সঙ্গে তুলনা করেছে।
মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।
ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন রাফাহ শহরে একটি তথাকথিত মানবিক নগর গড়ে তোলা হবে, যেখানে ধাপে ধাপে প্রায় বিশ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তর করা হবে। এই অঞ্চলে প্রবেশের পর তাদের আর বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
সোমবার সামরিক প্রতিবেদকদের সঙ্গে এক বৈঠকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা জানিয়েছেন। গাজায় ইসরাইলের আক্রমণে অনেক অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে যাওয়ার পর ইসরাইল গাজায় জনসংখ্যার কাঠামো পরিবর্তনের যে অমানবিক প্রচেষ্টা চালাচ্ছে এই পরিকল্পনা তারই প্রতিফলন।
ইসরাইলের সামরিক বাহিনী প্রথমে ছয় লাখ ফিলিস্তিনিকে এক তথাকথিত মানবিক অঞ্চলের বাইরে সরিয়ে নেবে এবং পরে বাকিদের ধাপে ধাপে সরিয়ে নেবে। এই পরিকল্পনাটি মানবিক উদ্যোগের আড়ালে বাস্তুচ্যুতির একটি প্রক্রিয়া হবে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করেছে।