আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিসরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাবান মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে মুসলিম উম্মাহ রমজানের আগের শেষ চন্দ্রমাসে প্রবেশ করবে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবরটি জানিয়েছে।
ইমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, “শাবানের চাঁদ ১৮ জানুয়ারি (রবিবার) স্থানীয় সময় রাত ১১:৫২ মিনিটে জন্ম নেবে।” জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুসারে, মঙ্গলবার ২০ জানুয়ারি থেকে ১৪৪৭ হিজরি সনের শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) এর হিজরি-গ্রেগরিয়ান কনভার্সন টুল অনুসারে, রমজান ২০২৬ সালে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি (বুধবার)। অনেক জ্যোতির্বিজ্ঞানীদের চাঁদের হিসাব অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রমজান শুরুর কথা বলা হচ্ছে। তবে ইসলামী ক্যালেন্ডারের সব মাসের মতো চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার মাধ্যমে।
শাবান মাস রমজানের প্রস্তুতির মাস হিসেবে পরিচিত। মুসলিমরা এ মাসে রোজা, নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ও আধ্যাত্মিক প্রস্তুতি বাড়ান। রমজান শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার)। শাওয়াল চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিন হবে এবং ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থাগুলো চাঁদের জন্ম ও দৃশ্যমানতা নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে। স্থানীয় চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় পর্যবেক্ষণ করে চূড়ান্ত ঘোষণা দেবে।