রবিবার ১৯শে জুলাই, ২০২৬

কনা দিলেন বিচ্ছেদের খবর, স্বামী বললেন ‘না’!

আর একটা বছর পার করলেই তাদের বিবাহিত জীবন ছুঁয়ে যেতো ৭ বছরের দীর্ঘ প্রেমের মাইল ফলক। কিন্তু সেটি আর হলো না। তার আগেই চলতি মাসের ১৬ জুন ব্যবসায়ী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন সুকণ্ঠী দিলশাদ নাহার কনা।

বুধবার (২৫ জুন) রাত ১০টা ৫০ মিনিটে এমনটাই জানান কনা। তবে তার আগেই জোর গুঞ্জন উঠেছিল কনার সঙ্গে এক গিটারিস্টের প্রেমের! সেই গুঞ্জনের পালে যেন নতুন হাওয়া লাগলো বিচ্ছেদের আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে।

কনা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিচ্ছেদ স্টেটমেন্টে লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনও বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়।’

এরপর তিনি জানান মূল ঘটনা। বলেন, ‘দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

কনা জানান তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়েও। তার ভাষায়, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবো। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

জানান নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। যদিও সেখানে নতুন প্রেমের গুঞ্জনের বিষয়ে কিছু বলেননি কনা। তার ভাষায়, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই। যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

এদিকে কনার এমন বিচ্ছেদের স্টেটমেন্ট দেওয়ার এক ঘণ্টার মাথায় নতুন তথ্য দিলেন গহিন। যেটা অনেকটা বিস্ময়করও বটে। কারণ তিনি কনাকে ট্যাগ করে ফেসবুকে নিজ ওয়ালে জানালেন, এখনও তাদের বিচ্ছেদ হয়নি! পারিবারিক কিছু সমস্যা হলেও সেটি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে কনাকে নিয়ে প্রেম ও পরকীয়ার খবর প্রকাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।

গহিনের ভাষায়, ‘যারাই কনা নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন, যা লিখছেন তা নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনও বিবাহ বিচ্ছেদ হয়নি।’

বিচ্ছেদ হলেও সেটির কারণ কনার নতুন প্রেম বা পরকীয়া নয়, এমনটা দাবি করে গহিন বলেন, ‘আল্লাহ মাফ করুন, যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন চলে আশা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনও পরকীয়া বা এই ধরনের যত্তসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে কেউ যদি কোনও সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তাই সকলকে অনুরোধ, না জেনে না বুঝে কোনও তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।’

বলা ভালো, প্রায় তিন দশকের সংগীত ক্যারিয়ার দিলশাদ নাহার কনার। শখের বসে করেছেন অভিনয়ও। তবে গানে তিনি দারুণ সফলতা পেয়েছেন প্রায় সব সেক্টরে।

দরকারি তথ্য, টানা ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল অনেকটা নীরবে বিয়েবন্ধনে আবদ্ধ হন কনা ও গহিন। বিভিন্ন সূত্রমতে, এই বিয়েকে কেন্দ্র করে শুরু থেকেই পারিবারিক নানাবিধ জটিলতার মধ্য দিয়ে পার করতে হয়েছে তাদের।

Translate