কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সি-স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।

জানা গেছে, প্যারাসাইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি-স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতের সহযাত্রী, স্বজন ও সফরসঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে দুর্ঘটনার ঘটনা দেশব্যাপী আলোচনায় আসে। তবে এসব ঘটনার পরও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো.আ. মান্নান জানান, তিনি খোজঁ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করছে।

Translate