চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ন্তবাসের মধ্যে ক্যাপসুলসদৃশ আকৃতিতে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার (১ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট (জি-৯-৫২৬) চট্টগ্রামে পৌঁছানোর পর ওই যাত্রীকে আটক করা হয়।
সংস্থাটির এক প্রেস বিবৃতিতে বলছে, আজ সকাল ৬টা ৫৮ মিনিটে ‘এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬’ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ভারতীয় যাত্রী থামিম আনসারি। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর চট্টগ্রাম সিআইআইডির একটি দল তাকে শনাক্ত করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্যাকিং সামগ্রীসহ ওজন করে উদ্ধারকরা বস্তুর ৪৫৫ গ্রাম ওজন মিলেছে। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা হবে।
সিআইআইডি আরও জানিয়েছে, এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশপাশি পাশাপাশি যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলবে বলে জানিয়েছেন সংস্থাটি।