ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কোনো ক্ষমার প্রয়োজন নেই, বরং প্রধানমন্ত্রীর নিজেরই তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে নিট পরীক্ষার কারণে আত্মহত্যায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর সময় তিনি এ কথা বলেন।
সন্তান হারানো শোকাহত বাবা-মায়ের কান্নার চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, প্রতিটি তরুণ প্রাণ ঝরে যাওয়ার পেছনে একটি করে পরিবার সারাজীবনের কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছে।
এ সময় প্রশ্নপত্র ফাঁস হওয়া, পরীক্ষা বাতিল হওয়া এবং বছরের পর বছর ধরে করা প্রস্তুতি এক রাতে ধ্বংস হয়ে যাওয়া দেশের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকেই উন্মোচন করেছে বলে মন্তব্য করেন তিনি। অসাধু একটি ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতি কোনো সততা না দেখিয়ে তাদের কাছ থেকে সততার প্রত্যাশা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই কংগ্রেস নেতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের সমালোচনার মুখে তাদের ‘ক্ষমা’ করার যে মন্তব্য করেছেন, তার প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী এই অবস্থান নেন। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের কারণে যাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে বা সন্তান হারিয়ে যারা শোকাহত, প্রধানমন্ত্রী তাদের কাউকেই সান্ত্বনা দিতে যাননি বলে সমালোচনা করেন তিনি।
কেন্দ্র সরকার শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের এই মর্মান্তিক কষ্ট উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।