বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল পরিস্থিতি জটিল করবে: তেহরান

ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান অচলাবস্থা আরও জটিল হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই বক্তব্য এসেছে ইরান ও ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের মধ্যে আসন্ন এক বৈঠকের আগে। শুক্রবার ইস্তাম্বুলে এই আলোচনা হওয়ার কথা রয়েছে।

দেশ তিনটি সম্প্রতি বলেছে, পারমাণবিক ইস্যুতে অগ্রগতি না হলে তারা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করবে। এর মাধ্যমে জাতিসংঘের সেই সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে, যা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় স্থগিত করা হয়েছিল।

তবে ঘারিবাবাদি বলেন, স্ন্যাপব্যাক প্রক্রিয়ার কোনও আইনগত ভিত্তি নেই, শুক্রবারের বৈঠকে আমরা আমাদের এই অবস্থান পরিষ্কার করব।

তিনি আরও বলেন, তবুও আমরা চাই, আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই পরিস্থিতি থেকে যৌথ সমাধান খুঁজে বের করা যায় কি না।

২০১৫ সালের পারমাণবিক চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র ২০১৮ সালে এ চুক্তি থেকে সরে যায়। এরপর থেকেই চুক্তিটি কার্যত অচল হয়ে পড়ে।

এ বিষয়ে ইরানি উপমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ইউরোপিয়ানরাও গত সাত বছর ধরে চুক্তি বাস্তবায়ন করেনি। তাহলে তারা কীভাবে আমাদের দোষারোপ করে যে আমরা চুক্তি মানছি না?

তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত, কোনোভাবেই তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়।

চলমান অচলাবস্থা নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও পশ্চিমা বিশ্ব ও তেহরানের মধ্যকার আস্থার সংকট এবং পারস্পরিক অভিযোগ পাল্টা-অভিযোগেই আলোচনা অনিশ্চয়তায় পড়ে আছে।

Translate