চট্টগ্রাম মহানগরে সামান্য বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
আজ মঙ্গলবার প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, চালক ও পথচারীরা।
জামাল নামে এক সিএনজি চালক বলেন, আজ সকালে সামান্য বৃষ্টি হয়েছে। এত কম সময়ের বৃষ্টিতে শহরে হাঁটু সমান পানি। এতো পানিতে গাড়ি চালানো খুব কষ্টের। ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাতও হয়েছে শ্রীমঙ্গলে।