দেশের আমলাতান্ত্রিক ব্যবস্থাকে আরও জনমুখী করে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। সংসদীয় স্থায়ী কমিটিগুলোও সক্রিয় রয়েছে বলে দাবি করেন তিনি।
বৈঠকে ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অভিনন্দন জানায়। এ সময় দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা সহযোগিতা ও যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশে শাখা খোলার বিষয়েও আলোচনা হয়।
ডেপুটি স্পিকার জানান, সংখ্যালঘুদের সমান অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রমের সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে ব্রিটিশ এমপি আফসানা বেগম, শওকত আদম ও লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন।